এ সম্পর্কিত আরও খবর
ওসমান হাদির মৃত্যুতে খুবি উপাচার্যের শোক ও দোয়ার আয়োজন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শরীফ ওসমান হাদি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অভ্যুত্থান-পরবর্তী সময়েও আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়, অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় তার সংগ্রামী ভূমিকা দেশ ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তার মৃত্যুতে জাতি একজন নির্ভীক ও প্রতিবাদী কণ্ঠ হারাল, যা সহজে পূরণ হবার নয়।’
শোক বার্তায় তিনি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই জামে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন