এ সম্পর্কিত আরও খবর
এবার জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর জবিতেও আধিপত্য দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। কেন্দ্রীয় ২১ পদের ১৮টিতে শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রিয়াজুল ইসলাম সহসভাপতি (ভিপি), আব্দুল আলিম আরিফ সাধারণ সম্পাদক (জিএস) ও মাসুদ রানা সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ ফলাফল ঘোষণা করেন। জকসুর ঘোষিত ফলাফল অনুযায়ী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ভিপি, জিএস ও এজিএসসহ ১৮টি পদে জয়ী হয়েছে। এই প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে
নওশীন নাওয়ার জয়া, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সাতটি নির্বাহী সদস্যপদে বিজয়ীরা হলেন শান্তা আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান ও আবদুল্লাহ আল ফারুক।
তবে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তিনটি পদে জিতেছে। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব এবং পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান।
শীর্ষ তিন পদে ফলাফল অনুযায়ী ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ পাঁচ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। আরিফ তিন হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জিতেছেন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধান ধরে রেখেছে শিবির। এ পদে শিবিরের মাসুদ রানা পাঁচ হাজার দুই ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল তিন হাজার ৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা এক হাজার ৫৮ ভোটে বিজয়ী হন।
গত মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও একটি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান, রিটার্নিং অফিসার এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাঁদের এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। এ সময় ক্যাম্পাসের ভেতর একটি ও বাইরের দুটি গেটে এলইডির মাধ্যমে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভিড় বেড়ে গেলে গণনা বন্ধ রাখা হয়। আধা ঘণ্টা পর ফের গণনা শুরু হয়। কিন্তু গণনায় যান্ত্রিক ত্রুটির ফলে গরমিল ধরা পড়লে সন্ধ্যা ৭টার দিকে আবারও বন্ধ হয়ে যায় ভোট গণনা।
হল সংসদেও শীর্ষ পদে শিবির প্যানেল জয়ী : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ১৩ পদের ১০টিতে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ভিপি পদে জান্নাতুল উম্মি তারিন, জিএস পদে সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে রেদওয়ানা খাওলা নির্বাচিত হয়েছেন।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়া : শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘ছাত্রদের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা এগিয়ে আছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। জিএস পদে বিজয়ী আব্দুল আলিম আরিফ বলেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছর অনুষ্ঠিত ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুতেও ভূমিধস বিজয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিতরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন