এ সম্পর্কিত আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি আলোচনায় যারা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
ভিসির এই পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (রাষ্ট্রপতি) গ্রহণ করলেই আনুষ্ঠানিকভাবে পদটি খালি হিসেবে বিবেচিত হবে।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শীর্ষ পদটিতে বসতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। নতুন সরকার কাকে এই দায়িত্ব দেবে, তা নিয়েও নানা মহলে চলছে আলোচনা।
তবে শিক্ষার্থীরা বলছেন, যিনিই এই দায়িত্বে আসুন না কেন, তিনি যেন সবার আগে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করেন। দলকানা না হয়ে সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করবেন, এটাই তার কাছে প্রত্যাশা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল থেকেই ভিসি নিয়োগ হচ্ছে। তবে কে নিয়োগ পাচ্ছেন, তা জানা না গেলেও অতিদ্রুতই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক আলোচনায় রয়েছেন। যাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে আছেন, আবার কেউ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দায়িত্বেও আছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি (শিক্ষা) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ ভিসি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। যদিও সাদা দলের একটি অংশের তার ব্যাপারে আপত্তির কথা শোনা যায়। তিনি এর আগে শিক্ষক সমিতির সভাপতি, সাদা দলের আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাসাসের সভাপতি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ৫ আগস্টের পরেও তিনি ভিসি হওয়ার আলোচনায় ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি। এ ছাড়া ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাদা দলের আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।
আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম। তিনি সাদা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বায়ুদূষণ গবেষক। অস্ট্রিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে পিএইচডি করেছেন। কানাডার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন এবং কানাডার টরন্টোতে ইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় পোস্টডক করেছেন।
বিশ্ববিদ্যলয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনও আলোচনায় আছেন। তিনি সাদা দলের সক্রিয় সদস্য এবং বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনায় আছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। তিনি বর্তমানে সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিবের দায়িত্বে আছেন। বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক, মিডিয়া সেলের সদস্যসহ দলীয় ছোট-বড় অনেক কমিটিতেও আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বর্তমানে বিভাগটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এছাড়াও আলোচনায় আছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. লুৎফর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার টফি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন