এ সম্পর্কিত আরও খবর
আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা সম্পন্ন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৯ এএম
-
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল (ইটিই) বিভাগে আজ সফলভাবে সম্পন্ন হয়েছে আইআইইউসি প্রযুক্তি উৎসব ২০২৫-এর অন্যতম আকর্ষণীয় আয়োজন—আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চলের ৯টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩২টি মেধাবী দল এতে অংশগ্রহণ করে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন, প্রকৌশল দক্ষতা এবং রোবটিক্সে সৃজনশীলতার স্বাক্ষর রাখে।
ইটিই বিভাগের হলরুমজুড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উৎসাহ, কর্মচাঞ্চল্য এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার চমৎকার সমন্বয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। পুরো আয়োজনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী সৈয়দ জাহিদুর রাশিদ। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিষ্ঠা ও উদ্যমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রযুক্তি প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম রূপম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শমসুল আলম এবং মহানগর প্রকাশনীর চেয়ারম্যান তৌহিদুল মিনহাজ।
চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম রূপম প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অধ্যাপক মোহাম্মদ শমসুল আলম এই প্রতিযোগিতাকে উদ্ভাবনচর্চার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আখ্যায়িত করেন এবং উচ্চশিক্ষায় আরও বেশি প্রয়োগভিত্তিক ও নকশানির্ভর শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে সম্মাননা প্রদান করা হয় এবং আয়োজকরা আগামী বছর আরও বৃহত্তর পরিসরে প্রযুক্তি উৎসব আয়োজনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন