এ সম্পর্কিত আরও খবর
নতুন কমিটিকে অগণতান্ত্রিক বলে রাজশাহী এনসিপিতে যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন রাজশাহী জেলা কমিটি নিয়ে তীব্র সমালোচনা ও বিরোধ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া দলটির এক নেতা পদত্যাগ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম স্বাক্ষরিত স্মারক নং (এনসিপি/কেন্দ্র/জে.আ.ক/২০২৫-২০২৬/১৭) অনুযায়ী রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রকাশের পর থেকেই জেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পদত্যাগপত্রে ওই নেতা অভিযোগ করেছেন, কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি, যা তার মতে “গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।” তিনি আরও বলেন, তাকে এই পদে দায়িত্ব দেওয়া হলেও পূর্বে কোনোভাবেই বিষয়টি জানানো হয়নি।
তিনি দাবি করেন, এনসিপি এখনো অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, বরং দলজুড়ে “ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা, অনিয়ম ও আচরণগত সংকট” আরও বেড়েছে।
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে একত্রিত করতে এনসিপি ব্যর্থ হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার স্বপ্ন কিছু হীনমন্যতা ও অদূরদর্শী আচরণের কারণে ভেস্তে গেছে।”
তার অভিযোগ—দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ অস্বাভাবিকভাবে অর্থসম্পদের মালিক হয়ে উঠেছেন, যা আন্দোলনের অংশগ্রহণকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
পদত্যাগপত্রে তিনি জুলাইয়ের আহতদের তালিকাকরণে অবিচারের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখনো “পুরোনো ফ্যাসিবাদী বলয়ের নিয়ন্ত্রণে” রয়েছে এবং “গণহত্যার বিচার হয়নি।”
গত তিনটি নির্বাচনে ‘মাফিয়া ভূমিকা’ নেওয়া ব্যক্তিদের ওপর আবারও নির্বাচনী প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন “জুলাইকে আমি পণ্য মনে করি না, জুলাইকে অনুভব করি। এ দল জাতীয় ঐক্য নষ্ট করেছে এবং ক্ষমতাকেন্দ্রিক পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখেছে।”
সবশেষে তিনি জানান, দলের অবস্থান দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি উদাসীন এবং নেতৃত্ব এখন এমন এক বলয়ের হাতে যারা জনগণের অনুভূতি বোঝে না, বরং বিদ্বেষ লালন করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন