এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ঘরে ভাঙচুর-আগুন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্যা (৭২) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের দুইটি বসতঘর ভাঙচুর ও মালামালে অগ্নিসংযোগ করেছে নিহতের স্বজনরা। রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এরআগে সোমবার (১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বৃদ্ধ হত্যার শিকার হন।
নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় ভাড়াটিয়া লোকজন নিয়ে তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করে। এসময় তাকে লঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত তোফায়েল ও মোহনের বসতঘর ভাঙচুর করে। এসময় ঘরের মালামাল বের করে আগুন দেয় নিহতের পরিবারের লোকজন। এতে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। নিহত হাসমত বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্যার ছেলে।
নিহতের ছেলে মো. মাসুদ বলেন, একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা মানেননি।
তারা পরিকল্পিতভাবে বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছে। এজন্য চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও জানা নেই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন