এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় “অসংক্রামক রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন প্রচার” বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএস স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর, এবং সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। সভায় সিভিল সার্জন কার্যালয়সহ প্রায় ১৪টি সরকারি-বেসরকারি স্বাস্থ্যখাতের অংশীদার সংস্থা অংশগ্রহণ করে।
বিডিআরসিএস ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশ নং ২৬ এর মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, স্বাস্থ্যঝুঁকি ও জনস্বাস্থ্য সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সংস্থাটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছে এবং বর্তমানে টাইফয়েড টিকাদান কার্যক্রমে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।
২০২২ সালের শুরুর দিকে বিডিআরসিএস গাজীপুর জেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করে, যার লক্ষ্য ছিল সুস্থ জীবনযাপন প্রচার ও অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধ।
বাংলাদেশে বর্তমানে মোট মৃত্যুর প্রায় ৬৭ শতাংশ অসংক্রামক রোগজনিত, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও ক্যান্সার—যা অকাল মৃত্যুর ৮২ শতাংশের জন্য দায়ী।
আজকের সভায় বিডিআরসিএস তাদের গাজীপুরে বাস্তবায়িত এনসিডি কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অংশীদার সংস্থাগুলোর মতামত গ্রহণ করে।
সভায় বক্তারা বলেন, অসংক্রামক রোগ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও মানবিক সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার পাশে—সবসময়। সংস্থাটি ভবিষ্যতেও সরকারের সহযোগিতায় মানুষের জীবনমান উন্নয়ন ও অকাল মৃত্যু প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন