এ সম্পর্কিত আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের ৩২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কনকনে শীত, ভোরের কুয়াশা আর নিস্তব্ধ শহর—সবকিছুকে হার মানিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় এক ভিন্ন রকমের উৎসব। হাজারো তরুণ-তরুণীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো শহর। শীত উপেক্ষা করে প্রায় সাড়ে ৬ হাজার দৌড়বিদ অংশ নেন ব্যতিক্রমী এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথন ফজরের নামাজের পর পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে শুরু হয়ে প্রায় ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মার চরাঞ্চলের দেবিনগর এলাকায় গিয়ে শেষ হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় ভোরের নীরবতা ভেঙে পড়ে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণেরা জানান, এটি কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়ার এক সামাজিক আন্দোলন। তারা মনে করেন, এমন আয়োজন নিয়মিত হলে তরুণ সমাজ শারীরিকভাবে যেমন সুস্থ থাকবে, তেমনি মানসিকভাবেও দৃঢ় হবে।
অনেক অংশগ্রহণকারী অভিযোগ করে বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণদের একটি বড় অংশ মোবাইল আসক্তি, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বাস্তবতায় খেলাধুলার সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল বলেন, “আমরা চাই চাঁপাইনবাবগঞ্জ হোক তারুণ্যনির্ভর, আধুনিক ও মানবিক একটি জেলা। এই ম্যারাথন সেই স্বপ্নেরই প্রথম ধাপ। সামনে আরও বড় আকারে এ আয়োজন করা হবে।”
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনটি তাই শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং স্বাস্থ্যসচেতনতা, সামাজিক ঐক্য এবং তারুণ্যের শক্তিকে এক সুতোয় গেঁথে দেওয়ার এক অনন্য উদ্যোগে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন