এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার প্রেমিক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের নলিছাপাড়া এলাকার কলাবাগান থেকে উদ্ধার হওয়া চোখ উপড়ানো অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সোহেল রানা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, নিহত নারীর নাম মোছা. মরিয়ম বেগম (৪৮)।
তিনি সদর উপজেলার খোকসাবাড়ী এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া সোহেল রানা সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে। নাজরান রউফ জানান, মরিয়ম বেগম প্রবাসে থাকতেন। প্রায় দুই–তিন বছর ধরে তাঁর সঙ্গে সোহেলের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তবে মরিয়ম সময় নিতে চাইলে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তিনি অন্যত্র সম্পর্ক তৈরি করেন বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর ২৫ খ্রিস্টাব্দে দুজন কুশাহাটা এলাকায় দেখা করেন। সেখানে তাঁদের মধ্যে তর্ক–বিতর্কের একপর্যায়ে সোহেল মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ কলা বাগানে ড্রেনে ফেলে রেখে যান। পরে লাশ উদ্ধারের আট ঘন্টা পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই নারীর ছেলে মানিক হোসেন সদর থানায় মামলা করেন। প্রেস ব্রিফিংয়ের সময় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আহসানুজ্জামানসহ পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রোববার দুপুরে স্থানীয় লোকজন কুশাহাটা এলাকার আবাদি জমির পাশের একটি কলাবাগানে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, নারীর মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। চোখ উপড়ে নেওয়া হয় এবং গলায় ওড়না পেঁচানো ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন