এ সম্পর্কিত আরও খবর
ফেনীতে রেললাইনের নাটবল্টু খুলে ফেলে দুর্বৃত্তরা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে ফিশপ্লেট ও নাটবল্টু খুলে আলাদা করে দেয় দুর্বৃত্তরা। শনিবার সকালে ফেনীর রেলস্টেশনের অদূরে দক্ষিণ সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা ফিশপ্লেট আলাদা করে লাল কাপড় দিয়ে সিগনাল বাতির সঙ্গে বাঁকা করে বেঁধে দেয়। খবর পেয়ে জিআরপি পুলিশ ও কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক মেরামত কাজ করায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়রা জানায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর লাল কাপড় ও খুলে ফেলা রেলবিট দেখতে পান। তিনি তাৎক্ষণিক বিষয়টি রেল পুলিশকে অবহিত করলে দেড়ঘণ্টা যাবৎ মেরামত কাজ করে লাইন সচল করা হয়।
ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৫শ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলে দুর্বৃত্তরা। তারা রেলপথের আপলাইনে ৮৯ দশমিক শূন্য ১ অংশে একটি রেলবিটের ফিশপ্লেট, ৬টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে রেলবিটটি ১ ফুট দূরে পাশের সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড়ে বেঁধে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে আমরা ধারণা করছি। এ সমস্যার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সকাল সোয়া ৭টার বদলে সকাল সোয়া ৯টায় অতিক্রম করে। এতে যাত্রীদের ভোগান্তি হয়েছে।
এ বিষয়ে ফেনী রেলওয়ে প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, এটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে। এ বিষয়ে আমরা লাকসাম জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেছি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন