এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অন্তত ৪২টি মামলা রয়েছে।
র্যাব-৭–এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুইস্যাকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বুইস্যা ভোলা জেলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরে বসবাস করে আসছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, ছিঁচকে চুরির মাধ্যমে অপরাধ জগতে হাতেখড়ি হয় বুইস্যার। পরে ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এক সময় এলাকায় আধিপত্য বিস্তার করতে গড়ে তোলেন নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী। ওই বাহিনীতে ৩০ জনের বেশি স্বশস্ত্র সদস্য রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুইস্যার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির অর্থ আদায়ের জন্য তাঁর নিজস্ব ‘টর্চার সেল’ এবং টাকা গণনার মেশিন ব্যবহারের তথ্যও পেয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন