এ সম্পর্কিত আরও খবর
যমজ দুই ছেলের নাম রাখা হলো ওসমান-হাদি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। তিনি বেঁচে না থাকলেও তাকে আইডল হিসেবে বিবেচনা করে সর্বস্তরের মানুষ তার স্মৃতিকে অমলিন রাখার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে কক্সবাজারের দুই নবজাতক সন্তানের নাম ওসমান ও হাদি রাখা হয়েছে।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি আমিনুল ইসলাম হাসান নামের এক ব্যাক্তি। যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।
আমিনুল ইসলাম হাসান বলেন, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্র সন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি।
নামকরণকে সৌভাগ্যের বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এক বীরের নামে দুই মানবসন্তান সমাজে পরিচিত হবে এটি আমাদের কাছে গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড়ো গর্ব।
প্রসঙ্গত, গত শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন