এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খাঁন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। মঙ্গলবার দিবাগত রাতে নিজে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
রাশেদ খাঁন বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। আলোচনায় তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় জনসভা করবেন- এই শর্তে তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।
প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকবেন কি না এমন প্রশ্নে রাশেদ খাঁন বলেন, হ্যা, সবই থাকব, আল্লাহ ভরসা। বিষয়টি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদও নিশ্চিত করেছেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।
তবে খবরটি প্রকাশিত হলে কিছু স্থানীয় নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে ফরহাদ নামের এক বিএনপি কর্মী প্রকাশ্যে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই তিনি ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে, বাকি তিনটিতে এখনও ঘোষণা করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন