এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলার রাজনৈতিক ভূগোলে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা।
সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধার ৫টি সংসদীয় আসন। আসনে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। তালিকায় জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। সর্বমোট পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জনের বিপরীতে নারী ভোটার রয়েছে ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন। ফলে, পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরের জেলা গাইবান্ধায় বইছে নির্বাচনি হওয়া। একসময়ে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এ জেলায় এবার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত। এ ছাড়াও গণঅধিকার পরিষদ, এনসিপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন মাঠে। তবে এ জেলায় নেই কর্মসংস্থানের ব্যবস্থা। যে কারণে পিছিয়ে এখানকার আর্থসামাজিকতা। নিজেদের ভাগ্যের পরিবর্তনে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম এখানকার নির্বাচনের মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে থাকা এই জনপদে সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপর বিএনপি।
এদিকে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ও জেলার পাঁচটি আসনেই ভোটযুদ্ধে লড়তে নিচ্ছেন শক্ত প্রস্তুতি। তবে এখনো দুটি আসন ছাড়া বাকি তিনটিতে প্রার্থী নিশ্চিত করতে পারেনি এনসিপি। পাঁচটি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী দিয়েছে অন্য দলগুলো। তবে তারা ভোটের মাঠে সক্রিয় নয়।
দীর্ঘদিন পিছিয়ে থাকা উত্তরের জেলা গাইবান্ধার মানুষের কাছে এখন স্বাস্থ্য-শিক্ষার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির মূল দাবি। গাইবান্ধার পাঁচটি আসনে কখনো বিরোধী দলে, আবার কখনো সরকারি দলের প্রতিনিধি থাকলেও হয়নি কাঙ্খিত উন্নয়ন হয়নি।
আসনভিত্তিক বিশ্লেষণে নারী ভোটারের এই আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারকে ছাড়িয়ে গেছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন। নারী ভোটার বেশি ৩ হাজার ৯৬০ জন। হিজড়া ভোটার আছেন ৩ জন।
গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪১২ জন। নারী ভোটারের সংখ্যা এখানে ৭ হাজার ৩৭৫ জন বেশি। হিজড়া ভোটার ১১ জন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন। নারী ভোটার এগিয়ে ৫ হাজার ১১৮ জন। হিজড়া ভোটার ১০ জন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন ও নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮২ জন। এই আসনে নারী-পুরুষ ভোটারের ব্যবধান সর্বনিম্ন; নারী ভোটার মাত্র ৭০৭ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।
গাইবান্ধায় নির্বাচনি প্রচারণায় এখন নারী ভোটারদের মনোযোগ আকর্ষণই প্রার্থী ও দলগুলোর অন্যতম কৌশল হয়ে উঠছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগসহ নারী-বান্ধব ইস্যুগুলো প্রতিশ্রুতির কেন্দ্রে অবস্থান করছে। গাইবান্ধার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নারী ভোটার শক্তিই হতে পারে মুখ্য নিয়ামক।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
অন্যদিকে, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন