এ সম্পর্কিত আরও খবর
রাজশাহীতে কম্বল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
জানা গেছে, শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য উপজেলা ত্রাণ শাখা থেকে ১৮টি কম্বল দেওয়া হয় ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক নাজ বেগমকে। তিনি একটি তালিকা করে দুস্থ লোকজনকে জাতীয় পরিচয়পত্রসহ সোমবার দুপুরে স্কুলে উপস্থিত হতে বলেছিলেন। তবে, তার আগেই ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী লোকজনকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে সব কম্বল একাই নিয়ে যান।
এদিকে দুপুরের পর ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী তার লোকজনকে সঙ্গে নিয়ে স্কুলে যান কম্বল বিতরণ করার জন্য। বিএনপি নেতা আনসার আলী গিয়ে দেখেন আরজ আলী সব কম্বল নিয়ে গেছেন। এ নিয়ে আনসার আলী প্রতিবাদ করেন। এক পর্যায়ে আরজ আলীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়।
ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সরকারি ১৮টি কম্বল বিতরণের জন্য দেওয়া হয়েছিল। তবে আরজ আলী দায়িত্ব নিয়ে কম্বলগুলো বিতরণ করে দিয়েছেন।
অভিযোগের বিষয়ে আরজ আলী জানান, তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। ওয়ার্ডের ৯টি গ্রামে গরিব মানুষের মাঝে দুটি করে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে কম্বলগুলো বিতরণ করেছেন। আনসার আলী কম্বল না পাওয়ায় ঝামেলা করেছেন। এসব নিয়েই কিছুটা ঝামেলা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন