এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জের বৈধ প্রার্থী এখন ৩২ জন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার বাকি থাকা তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।
সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া)
এই আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী)
এই আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমান এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর)
এই আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে
দলীয় মনোনয়ন না থাকলেও দলের নামে মনোনয়নপত্র দাখিল করায় জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম ছালামের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও একই কারণে স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন শনিবার সিরাজগঞ্জ–১, ২ ও ৩ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আজ রোববার সাতজনসহ মোট বাতিল হলো ১৩ জনের মনোনয়ন। এতে বর্তমানে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন