এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে পানপাড়া বাজারে ব্যবসায়ী আলমগীর হোসেনের মুদি দোকানের তালা ভেঙে ক্যাশবাক্সে থাকা প্রায় ৬ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। দোকানের মালিকানা দাবি করে সেলিম হোসেন নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আলমগীর। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দীর্ঘদিন দোকান বন্ধ থাকা এবং ঘটনার সমাধান না হওয়ায় রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী আলমগীর সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। দোকানে সেলিম ও আলমগীর পাল্টাপাল্টি একাধিক তালা মেরেছেন।
স্থানীয়রা এবং কাগজপত্র অনুযায়ী, আলমগীরের দোকানটি পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবস্থিত। দোকানের প্রকৃত মালিক রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের সাবেক সেনা সদস্য সেলিম। ২০১৮ সালের ১ মে তিনি ৫ লাখ ৪৯ হাজার টাকায় আলমগীরের কাছে দোকানের মালামাল ও আসবাবপত্র বিক্রি করেছেন। দোকানটিও তখন ভাড়া দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালের ২৮ নভেম্বর দুপুরে সেলিম এসে দোকান ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। তিনি দোকানটি অন্যত্র বিক্রি করার কথাও জানিয়েছেন।
আলমগীর হোসেন বলেন, “২০১৮ সালে সেলিম দোকানটি আমার কাছে বিক্রি করেছে। এখন সে ওই টাকা ফেরত দিয়ে আমাকে দোকান ছাড়ার জন্য হুমকি দিচ্ছে। রাজি না হওয়ায় সে আমার দোকানের তালা ভেঙে ভাঙচুর চালিয়েছে। দোকানে প্রায় ৬ লাখ টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিল, যা সেলিম ও তার লোকজন নিয়ে গেছে। আমি চাই, এ ঘটনায় সুষ্ঠু বিচার হোক।”
সেলিম হোসেন বলেন, “দোকানটি আমি আলমগীরকে ভাড়া দিয়েছি, বিক্রি করিনি। তিনি গত ৮ মাস ভাড়া দিচ্ছেন না। তাই আমি দোকান ছেড়ে দিতে বলেছি। এখন তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। ভাড়া না দেওয়ায় আমি দোকানে তালা লাগিয়েছি।”
রামগঞ্জ মোহাম্মদীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ জানান, প্রথমে সেলিম আমাদের ফাঁড়িতে অভিযোগ করেছিলেন। তখন আলমগীরকে ডাকলেও তিনি আসেননি। পরে আলমগীর আবার থানায় অভিযোগ করেন। উভয় পক্ষকে পুনরায় ডাকা হলে আলমগীর আসেননি। শুনেছি ঘটনাটি সেনাবাহিনীকেও জানানো হয়েছে। মূলত উভয় পক্ষ উপস্থিত হলে সবাই মিলে বসে ঘটনাটি সমাধান করা সম্ভব হতো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন