এ সম্পর্কিত আরও খবর
সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে ঝাড়ুমিছিল-অবরোধ, যাত্রী হয়রানি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে অনিয়মের অভিযোগে ঝাড়ুমিছিল করা হয়েছে। এসময় আন্দোলনকারীরা প্রায় ৩ ঘন্টা ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাধারণ যাত্রীরা। একপর্যায়ে যাত্রী ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল থেকে দুপুর সদর উপজেলার বটতলি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঢাকা, চটগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলাগামী যাত্রীবাহী বাস আটকা পড়ে।
এ ঘটনায় যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলছেন এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।
আন্দোলনকারীরা জানায়, বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্ন মানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে দূর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে সড়কটি।
আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে ও সড়কটি পুনরায় সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন। এটি দ্রুত না হলে আমরা এলজিইডি অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন