এ সম্পর্কিত আরও খবর
শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ এএম
-
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে কয়েক দিনের তীব্র শীত ও ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। গত কয়েক দিন ধরে মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও তা স্থায়ী হচ্ছে না। ফলে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বেড়েছে বহুগুণ।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রুবেল মিয়া বলেন, শীতের কারণে সকালে রিকশা নিয়ে কাজে যেতে পারিনি। আয় না থাকায় সংসারে অর্থাভাব লেগেই আছে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাবু মিয়া বলেন, আমি বিল ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। শীতের কারণে কয়েক দিন ধরে ঠিকমতো মাছ ধরতে পারছি না। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
যাত্রাপুর ইউনিয়নের কালির আলগার চরের বাসিন্দা মিন্টু মিয়া বলেন, ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না। কাজকর্ম ঠিকমতো হচ্ছে না।
একই এলাকার রহমত বলেন, ঠান্ডায় কাজ না করলে পেটে ভাত জোটে না। কাজে গেলে হাত-পা জ্বালা করে, ঠিকমতো কাজ করা যায় না। রাতে ঘুমও ঠিক হয় না।
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম বলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে আমার ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার নয়টি উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন