এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ
আহত ৫ জন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই ঘণ্টা তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজৈর উপজেলা সদরের বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে দুই দফা সংঘর্ষ হয়। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের রেশ ধরে শনিবার সকালে একটি পক্ষ এলাকায় মহড়া দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামে শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। জুমার নামাজ চলাকালে এক মুসল্লি এ বিষয়ে প্রতিবাদ জানান। এ সময় রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫) মসজিদের ভেতরে এ নিয়ে আলোচনা না করার অনুরোধ করেন। এতে পাত্রীর চাচা অলি শেখের (৪০) সঙ্গে জাহাঙ্গীর খানের কথা কাটাকাটি হয়।
এই ঘটনার জের ধরে সন্ধ্যায় উপজেলার প্রাণকেন্দ্র রাজৈর বাজারের বেপাড়ীপাড়া মোড়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে প্রশাসনের পরামর্শে বাদশাহ মীরসহ চার-পাঁচজন স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি পশ্চিম রাজৈর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে মীমাংসার উদ্দেশ্যে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে বাদশাহ মীর গুরুতর আহত হন। তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাদশাহ মীর বলেন, ‘সালিশের জন্য কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ থামানোর পর মীমাংসার জন্য এক পক্ষ অপর পক্ষের বাড়িতে যায়। এ সময় আবার মারধরের ঘটনা ঘটে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি জানান, রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন