এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় এক সাংবাদিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে দৈনিক আজকের পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নেভান।
ঘটনার পরপরই পুলিশ সুপারকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরিফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া এলাকায় বিরোধ চলছিল। শুক্রবার থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। আমার বাড়ি দুই এলাকার সীমান্তে। পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামনে থাকা আরও দুটি বাড়িতেও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন