এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে পিঠা উৎসব
ইনকিলাব পিঠাঘরের স্লোগান জাস্টিস ফর হাদি
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদেরকে গ্রামীণ ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহরের বাগবাড়ি এলাকায় ক্যাম্পাস মাঠে এ আয়োজন করেছে।
উৎসবে ৬২ টি স্টলে ২ শতাধিক বাহারি ডিজাইন ও স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক ও শিক্ষার্থীরা৷ এরমধ্যে সবার নজর কেড়েছে দ্বাদশ শ্রেণির ইনকিলাব পিঠাঘরের দিকে। তাদের স্টলের ব্যানারে হ্যাশট্যাগ সংযুক্ত 'জাস্টিস ফর হাদি স্লোগান' দেখা যায়। তারা অভিনব কায়দায় ইনকিলাব মঞ্চের মুখুয়াত্র মরহুম শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছে।
সকালে লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি বেশ কয়েকটি পিঠার স্টল পরিদর্শন করে আগামিতে এমন আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এসময় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে পিঠা খেলে হাসি ফ্রি, হিডার ঘর, নবাবী পিঠা, কুয়াশা ভেজা পিঠাঘর, আদিবাংলা পিঠা স্টেশনসহ ৬২ টি স্টলে হৃদয়হরণ, ভাপা পুলি, বেগুন পুলি, গোলাপ পিঠা, ডিম সুন্দরী, সেমাই পিঠা, কুকিজ পিঠা, নকসী পিঠা, ডালের পিঠা, পাটিসাপটা, কলিজাপিঠাসহ ভিন্ন ভিন্ন স্বাদের ও ডিজাইনে প্রায় ২০০ ধরণের পিঠা পসরা সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, ১ যুগের বেশি সময় ধরে আমরা পিঠা উৎসবের আয়োজন করে আসছি। এই একদিন বই খাতা রেখে শিক্ষার্থীরা এসে গ্রামীণ ঐতিহ্য পিঠার সঙ্গে পরিচিত হয় এবং সবাই আনন্দে উৎসবে মেতে উঠে। শিক্ষক ও শিক্ষার্থীদের বানানো পিঠাপুলিতে প্রত্যেকটি স্টল সাজানো হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানু্ষ এই উৎসবে এসেছেন।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, পিঠা উৎসব দারুণ আয়োজন। শিক্ষার্থীরা এই উৎসবের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে। বিশাল এ আয়োজনে নানান ধরণের পিঠার পসরা সাজিয়ে বসেছে স্টলগুলো৷ আমিও এ জেলায় এসে নানান ধরণের পিঠার নাম জেনেছি। এসব পিঠার স্বাদও অতুলনীয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন