এ সম্পর্কিত আরও খবর
স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজ সরকার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহরের বাসিন্দা।
শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় বছর ফেসবুকে প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ৮ জুন তাদের বিয়ে হয়। তাদের সংসারে ২৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের আনুমানিক তিন বছর পর মাহফুজ সরকার প্রবাসে পাড়ি জমান। এরপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়।
অভিযোগে বলা হয়, প্রবাসে থাকাকালীন মাহফুজ সরকার তার মুঠোফোনে ধারণ করা স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে থাকেন। এতে সম্পর্কের চরম অবনতি হলে ভুক্তভোগী তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর গত বছরের ১০ নভেম্বর মাহফুজ সরকার দেশে ফিরে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
একপর্যায়ে স্ত্রী তাকে ডিভোর্সের বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপর গত ১৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীর বাবার বাড়িতে গিয়ে হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ সরকারকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন