এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:১২ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। ১৫ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হন তিনি। ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর ভূক্তভোগী থানায় মামলা দায়ের করলে ১৫ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেপ্তার করে। তাদের তথ্যে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
নিহতের মেয়ে রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, “আমার বাবা আবুল বাসারকে কোনো অপরাধ ছাড়াই মিথ্যা ও সাজানো মামলায় ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, হাজতি আবুল বাসার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন