এ সম্পর্কিত আরও খবর
কটিয়াদীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে তাঁর উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে যোগ দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকে তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এ ছাড়া গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। একই সঙ্গে নিজ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে তাঁর আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
শনিবার গণঅধিকার পরিষদের নেতা সৈয়দ আলীউজ্জামান, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, মো. লিটন মিয়া, মোখলেছুর রহমান দাদন, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান ভুঁইয়াসহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
নবাগত নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে। এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সাধারণ মানুষকেও সেই আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত আহ্বানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন