এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই: আব্দুস সালাম পিন্টু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
শনিবার (৩১জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আপনারা সবাই আমাকে চেনেন। ১৭ বছর আগে যারা আমার সঙ্গে কাজ করেছেন, তারা আমার পরিবার ও আমার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবেই জানেন। আমি দীর্ঘ ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। টাঙ্গাইলের কেউ বলতে পারবে না যে আমি বা আমার পরিবারের কেউ কখনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। আমার সম্পর্কে যারা জানেন, তারা উপলব্ধি করবেন আমাদের পরিবার সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে। আমি বিশ্বাস করি, টুকুও টাঙ্গাইলে সততা, নিষ্ঠা ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।’
সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘এর আগে টাঙ্গাইল থেকে মান্নান সাহেব, মাহমুদুল হাসান সাহেব ও আব্দুর রহমান সাহেবের মতো যোগ্য ব্যক্তিরা মন্ত্রী ছিলেন। সেই মানের একজন যোগ্য মানুষ সংসদ সদস্য হওয়া টাঙ্গাইলের জন্য অত্যন্ত জরুরি। সেই বিবেচনায় আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।’
বক্তব্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে টাঙ্গাইল–২ (ভূঞাপুর–গোপালপুর) আসন থেকে আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল–৫ (সদর) আসন থেকে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন