এ সম্পর্কিত আরও খবর
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ পাঁচজন আহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/০৪ (পুরাতন ব্লক ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন-আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪-এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন-হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা গুলি চালিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার ট্রাকে প্রচারণা চলছিল। এ সময় সেখানে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ জানান, প্রচারণার ডাম্পার ট্রাকে গান-বাজনা চলার সময় আশপাশের মানুষ জড়ো হয়। এর কিছুক্ষণ পরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। সে সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন