এ সম্পর্কিত আরও খবর
দেবীদ্বারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল মুন্সীকে তলব
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তলব করেছে। ঋণখেলাপি হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল হওয়ার পর ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে আজ (বুধবার) বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের কমিটির জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এই নির্দেশ দেন। অভিযোগটি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিতভাবে কমিটিতে জানান। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” এই মন্তব্যের পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন, কিন্তু ঋণখেলাপির অভিযোগের কারণে তার প্রার্থিতা আদালতের আদেশে বাতিল হয়। প্রার্থিতা বাতিল হওয়ার পর বিএনপি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয়।
প্রচারণার শেষ দিন, সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সী ওই বিতর্কিত মন্তব্য করেন। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।
এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ ফেব্রুয়ারি বিএনপি মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানায়, এরপর থেকে মঞ্জুরুল মুন্সী মাঠে তার পক্ষে সক্রিয় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন