এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭৮, থাকছে স্ট্রাইকিং ফোর্স
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
শেরপুরে দুটি সংসদীয় আসনে মোট ২৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, মোবাইল ও পেট্রোল টিমসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, মোবাইল টিম ও টহল টিম প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-১ এর অস্থায়ী ক্যাম্প শেরপুরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর আশিক ইকরাম সৌরভ বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দুই আসনেই র্যাব সদস্যরা সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব প্রস্তুত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ ও ৮১টি সাধারণ কেন্দ্র।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন এবং নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৫টি অধিক গুরুত্বপূর্ণ, ৫৯টি গুরুত্বপূর্ণ ও ৪০টি সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত।
তিনি আরও জানান, দুই আসনে দায়িত্ব পালন করবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন