এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীর ৫টি আসনেই বিএনপির জয়
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১৪২টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৫৮ দশমিক ৮২ শতাংশ।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন এবং ভোটগ্রহণ হয়েছে ৯১টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে প্রায় ৫৫ শতাংশ।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১০১টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১৬২টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১৬৭টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ।
ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদ্যাপন করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন