এ সম্পর্কিত আরও খবর
রংপুরে ডিসিকে অভিশাপ দিলেন বিএনপির পরাজিত প্রার্থী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর-৪ আসনের পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ দিতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে অভিশাপ দেন। তিনি বলেন, “ভাই, আমার অভিশাপ থাকল। আল্লাহ আপনার বিচার করবেন। আমার স্ত্রী ও সন্তানকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিয়েছি। আপনার সন্তানরাও রাস্তায় কান্না করবে। এটা আমার অভিশাপ।”
ডিসিকে তিনি আরও জানান, “আমাকে হারাতে গিয়ে কোনো নিয়ম মানা হয়নি। এখন ভোট পুনর্গণনার আবেদন করছি, কিন্তু আপনি সময়ক্ষেপণ করছেন। আপনার হাতে ক্ষমতা আছে-আপনি চাইলে ব্যালট পেপার ও রেজাল্ট সিট পরিবর্তন করতে পারেন। জনগণ জানতে চাইছে, ভোট পুনর্গণনা কখন হবে।”
ভরসার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলের অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৪৯,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০,৫৬৪ ভোট। এই আসনে ভোট বাতিল হয়েছে ৮,২৬৩টি।
অন্যদিকে, রংপুর-৩, রংপুর-৪ ও রংপুর-৬ আসনে পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীদের সমর্থকরা। দুপুরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে আখতার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেয় জনতা। এ সময় উপস্থিত ছিলেন এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু ও সাইফুল ইসলাম।
এমদাদুল হক ভরসা বলেন, “আমি এই নির্বাচনে শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি বিজয়ী হব। তবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ আখতার হোসেন যেভাবে মব তৈরি করেছে এবং প্রশাসনের সহায়তায় ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে, এ ব্যাপারে শুক্রবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোয় গেলেও কোনো দেখা পাইনি। আমাদের একটাই দাবি - ভোট পুনর্গণনা।"
এর আগে শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় ভরসার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। একই দাবিতে রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামও ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।
রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, বিএনপি প্রার্থীদের লিখিত অভিযোগ নির্বাচনের পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন