এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় দুই শতাধিক পরিবার পেল এক মাসের খাদ্য সামগ্রী
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, খেজুর, চিনিসহ ১৭ পদের খাবার প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের সুরাইয়া বিলিস চিত্ত বিত্ত বিদ্যাপীঠ এলাকায় সরেজমিনে দেখা যায়, ট্রাক ও ভ্যানে সাজানো রয়েছে সাদা প্লাস্টিকের বস্তাভরা খাদ্যসামগ্রী। পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী নাম ডাকা হচ্ছে। সে অনুযায়ী নানা বয়সি নারীরা দুই বস্তা করে খাবার নিয়ে যাচ্ছেন।
এ সময় ষাটোর্ধ্ব নারী খোদেজা খাতুন বলেন, আমার স্বামী-ছেলে নেই। কেউ নেই, আমি একা। বেটারা ট্রাকে করে আসে দুই বস্তা খাবার দিছে। আমরা গরিব মানুষ। খুব খুশি হয়েছি।
নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া এলাকার হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন বলেন, স্বামী রাজমিস্ত্রির কাজ করত। বছর দুয়েক আগে পড়ে গিয়ে মাজায় আঘাত পেয়েছিল। এরপর থেকে ভারি কাজ করতে পারে না। এক মেয়ে ও ছেলে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। রমজানে সবকিছুর দাম বাড়ে যাওয়ায় কষ্ট হচ্ছে দ্বিগুণ। আজ হঠাৎ কয়জন লোক ট্রাকে এসে নাম ধরে ডাকছিল। গিয়ে দেখি আমার নামে দুই বস্তা খাবার। বস্তার মু্খ খুলে দেখি চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আলু, খেজুর, চিনিসহ মেলা কিছু। এতে রোজার মাসটা ভালোভাবেই চলে যাবে।
আয়োজকরা জানায়, মাহে রমজান উপলক্ষে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, এ্যাংকার ডাল, ছোলা, খেজুর, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম শুকনো মরিচ, ২০০ গ্রাম জিরা, দুই পিস করে সাবান ও ২০০ মিলি নারিকেল তেল দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, রমজান মাসে যেন কোনো গরিব ও অসহায় মানুষ না খেয়ে থাকেন বা খাদ্য কষ্টে না ভোগেন সে লক্ষ্যে দুই শতাধিক পরিবারকে ১৭ পদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই মানবিক সহায়তা করা হবে।
কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল লতিফ বলেন, আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সমাজের অসহায়, গরিব ও দুস্থদের কল্যাণে অবিরত কাজ করে চলেছে। মানবসেবায় সমাজের অন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন