এ সম্পর্কিত আরও খবর
আ.লীগের লকডাউনে প্রভাব নেই রংপুরে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের ‘লকডাউন’-এর কোনো প্রভাব পড়েনি রংপুরে। অন্যান্য দিনের মতোই রংপুরে জনজীবন স্বাভাবিক রয়েছে। কোথাও আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের কারও কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি। তবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেভিটা বাংলাদেশ, সম্মিলিত ছাত্রজনতার প্লাটফর্ম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাইযোদ্ধা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, রংপুর নগরীর বিভিন্ন সড়কে অন্যান্য দিনের মতোই সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে কোথাও যানবাহনের কমতি নেই। অন্যান্য দিনের মতোই নগরীর ব্যস্ততম এলাকা সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজকোম্পানি মোড়, কাচারী বাজার, ধাপ, মডার্ণ মোড়ে যানজট ছিল চোখে পড়ার মতো। এ সময় যানবাহনে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তাঁরা কেউ আতঙ্কিত নন। এমনিতেই রংপুর শান্তির শহর, সেই শান্তি বজায় রয়েছে। রাজনৈতিক কোনো ভীতি নেই, আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই।
অটোচালক মনির হোসেন বলেন, ‘লকডাউনের কোনো ভীতি নেই। তাছাড়া নগরীতে কোথাও লকডাউনের সমর্থনে মিছিল, মিটিং কিংবা অন্যান্য কোনো কর্মসূচি পালন হয়নি। সকালে অটো নিয়ে বের হয়েছি, আগের মতোই তো সব দেখছি। কোনো সমস্যা হয়নি।’
কাপড় ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘রংপুরে আওয়ামী লীগের লকডাউনের কোনো প্রভাব নেই। তাছাড়া আওয়ামী লীগের তো এমন কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। তারা কোন সাহসে কর্মসূচি দিচ্ছে? জানা নেই। তবে আগে তাদের বিচার করতে হবে, তারপর অন্য কিছু।’
এদিকে রংপুরে আওয়ামী লীগের লকডাউনের কোনো প্রভাব না থাকলেও নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেভিটা বাংলাদেশ, সম্মিলিত ছাত্রজনতার প্লাটফর্ম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাইযোদ্ধা। তাঁরা আওয়ামী লীগের কর্মসূচি রুখে দিতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজপথে থাকার ঘোষণা দেন। দুপুরে কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা।
অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির। সেই সমাবেশ থেকে হাসিনার বিচারসহ আওয়ামী লীগকে মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ওই দিন রাতে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেয় রংপুর মহানগর যুবদল। তাঁরাও রাজপথে থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন সজাগ আছে এবং মাঠে একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।’
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন