এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, নকল সয়াবিন তেল জব্দ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও পরিমাপ নিশ্চিত করতে নরসিংদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন, নরসিংদীর যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের মান যাচাই করা হয়।
অভিযানকালে মেসার্স আল্লাহর দান ফল বিতানে মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে তা ফরমালিনমুক্ত পাওয়া যায়। একইভাবে মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছ পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। মেসার্স মোল্লা স্টোর নামীয় মুরগির দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করে পরিমাপে সঠিকতা নিশ্চিত করা হয়। তবে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স ইসলাম ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং ওজনে কম ঘি বিক্রির দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে পণ্য মোড়কজাতকরণ সনদবিহীন কেক ও বিস্কুট বিক্রির দায়ে মেসার্স সোহাগ কনফেকশনারীকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ করে বিক্রির প্রমাণ পাওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সংশ্লিষ্ট তেল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা মো. আরিফ হোসেন আসিফ (পরিদর্শক, মেট্রোলজি) এবং কেমিক্যাল পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া (ফিল্ড অফিসার, সিএম)। এছাড়াও বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন