এ সম্পর্কিত আরও খবর
লালমনিরহাটের চন্দ্রপুরে একমাত্র খেলার মাঠে দোকান-বসতঘর, উদ্ধারের দাবি
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা চন্দ্রপুর ইউনিয়নে একমাত্র খেলার মাঠ এখন দখল ও অব্যবস্থাপনায় সংকুচিত। যে মাঠ ছিল শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়াচর্চার প্রাণকেন্দ্র, আজ তার একটি অংশ প্রভাবশালীদের নিয়ন্ত্রণে।
স্থানীয়দের অভিযোগ, চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন চন্দ্রপুর পরিষদ মাঠটিতে ২০ থেকে ২৫টি দোকান ও বসতঘর গড়ে উঠেছে। এতে মাঠের পরিধি কমে গেছে, খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
মাঠটি উদ্ধার ও খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে দফায় দফায় স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ মানববন্ধন, মিছিল করেছেন। উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি জমিতে দোকানপাট নির্মাণ করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। শুধু দখলই নয়, হাটবাজারের ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে মাঠে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, খেলাধুলার তেমন পরিবেশও নেই।
স্থানীয়রা জানান, সীমান্তঘেঁষা এই ইউনিয়নে মাদকের বিস্তার আগে থেকেই উদ্বেগজনক। খেলার মতো স্বাস্থ্যকর পরিবেশ না থাকলে তরুণ প্রজন্ম আরও ঝুঁকিতে পড়তে পারে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহীদ ইশরাক বলেন, ইতোমধ্যে স্থানীয় তহসিলদারকে দিয়ে মাঠের তথ্য সংগ্রহ করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, অভিযোগ পেয়েছি, মাঠ উদ্ধার ও খেলার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন