এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। অভিযানে একজন ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনটির ধারা ৪(খ) অনুযায়ী অপরাধ সাব্যস্ত হওয়ায় ধারা ১৫(১) অনুসারে তাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না যায়।
প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কৃষিজমি নষ্ট হয় এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিথিয়া হোসেন। উপজেলা প্রশাসন পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন