এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৭৫ লাখ টাকার ক্ষতি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে।
স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের জ্বলে উঠে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছে। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে।
গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়। অগ্নিকাণ্ডে ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন