এ সম্পর্কিত আরও খবর
নবীনগরে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আমীর হোসেন (৪২)-এর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ধারাভাঙ্গা এলাকার এমপি টিলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
জানা গেছে, তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র জানায়, নিহত আমীর হোসেনের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে। পিতৃহীন হওয়ায় ছোটবেলা থেকেই তিনি মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগলাকান্দি গ্রামে বসবাস করতেন।
নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘ধারাভাঙ্গার নদীতীরবর্তী এমপি টিলা এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, পাশবর্তী জেলার রায়পুরার বাঁশগাড়ী থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এমপি টিলায় ফেলে যায়। তার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন