এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীর কিশোরী হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান সালিশের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, তিনি অভিযুক্তদের সঙ্গে আপস করে অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং বিচার না করেই তা ধামাচাপা দেন। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়ার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
বিচার না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনার ১৫ দিন পর কিশোরীকে তার বাবার সামনেই তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আবারও গণধর্ষণের পর হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেতে মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ।
স্বজনদের ভাষ্য, বুধবার কিশোরীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে জোর করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবার বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার সকালে পুলিশ সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ধর্ষণ ও হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ।
তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন