এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে ভাঙারি দোকান থেকে ৮ হাজার বই উদ্ধার
গোডাউন সিলগালা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুর প্রতিবেদক: শেরপুর জেলার শেরপুর শহরে একটি ভাঙারি দোকান থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI)-এর তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় অবস্থিত মেসার্স রোকেয়া আয়রন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার নতুন সরকারি বই উদ্ধার করা হয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দোকানটি সিলগালা করে দেওয়া হয় এবং জব্দ করা বইগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, নওহাটা এলাকার আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে জানান। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় একটি ভ্যানভর্তি ২০২৫ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন বই জব্দ করা হয়। পরে দোকানের গোডাউনে আরও বই পাওয়া যায়। অভিযানের সময় দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।
ভ্যানচালক তজি মিয়া বলেন, তিনি গোডাউনের ভ্যান চালাতেন এবং মালিকের নির্দেশে বই আনা হয়েছিল। তবে বইগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, গত বছর বই সংকটের কারণে শিক্ষার্থীদের কম সংখ্যক বই দেওয়া হয়েছিল। অথচ নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যানসহ নতুন বই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোডাউন সিলগালা করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন