এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক পোস্ট ঘিরে কলাপাড়ায় মারধর, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মারধরের ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে স্বজনরা ইদ্রিসের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসেন। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অভিযোগ এনে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, ২৬ ফেব্রুয়ারি পাখিমারা বাজারে গেলে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা ইদ্রিসকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরিয়ে আনা হয়। তবে সোমবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি আমার কাছে মাফ চাইতে এসেছিল। আমি বা আমার সহযোগীরা তাকে মারধর করিনি।”
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন