এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযানে র্যাব-১১ এর একটি টহল দল ও নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারা অনুযায়ী পাঁচটি ইটভাটাকে দেড় লাখ টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—
মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, কাজৈর, ডাঙ্গা, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, কাজৈর, ডাঙ্গা, মেসার্স কম্বাইন্ড ব্রিকস, ইসলামপাড়া, ডাঙ্গা, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭), ইসলামপাড়া, ডাঙ্গা, মেসার্স একতা ব্রিক ফিল্ড, ইসলামপাড়া, ডাঙ্গা, পলাশ, নরসিংদী।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন