এ সম্পর্কিত আরও খবর
কলাপাড়ায় কাগজের নৌকা ভাসিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালীর কলাপাড়ায় নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে আন্ধারমানিক নদীতে কাগজের নৌকা ভাসিয়ে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে তিনটায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নদীতে প্রতীকীভাবে কাগজের নৌকা ভাসিয়ে নদী রক্ষার বার্তা দেন পরিবেশকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়া সমন্বয়ক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দুই যুগ আগেও এসব নদীতে শত শত নৌকা চলাচল করত এবং প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু নদী দখল ও দূষণের কারণে এখন সেই দৃশ্য আর দেখা যায় না। তাই নদী রক্ষার দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা কাগজের নৌকা ভাসিয়েছেন।
এ সময় বক্তারা আন্ধারমানিকসহ জেলার সকল নদীর দখলদারদের নাম প্রকাশ, অবৈধ দখল উচ্ছেদ অভিযান জোরদার এবং নদীগুলো দ্রুত খননের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন