এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইগাতীতে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ইফতারের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই কয়েকটি এলাকায় তীব্র শিলাবৃষ্টি শুরু হয়। বিশেষ করে ঝিনাইগাতী সদর ইউনিয়নের বাজার ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টির মাত্রা বেশি ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক জায়গায় বড় আকারের শিল পড়তে দেখা গেছে। শিলের পরিমাণও ছিল বেশ বেশি। এমন পরিস্থিতি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এত বড় ও এত ঘন শিলাবৃষ্টি তারা আগে দেখেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক এই শিলাবৃষ্টিতে কিছু বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বোরো ধান ও বিভিন্ন সবজির ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক আতিকুর রহমান খান বলেন, “হঠাৎ করেই প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। ঝিনাইগাতী বাজার ও আশপাশের এলাকায় অনেক শিলা পড়তে দেখা গেছে। এতে কিছু ক্ষয়ক্ষতির খবর শুনছি, তবে রাত হওয়ায় এখনই পুরো পরিস্থিতি বোঝা যাচ্ছে না।”
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, “ঝড়-বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। কৃষি খাতে কোনো ক্ষতি হয়ে থাকলে তা কৃষি বিভাগ পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে যাদের ঘরবাড়ি বা টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে যোগাযোগ করলে এবং বরাদ্দ থাকলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন