এ সম্পর্কিত আরও খবর
ব্যবসায়ীর ২৩ শতাংশ জমির মাটি কেটে নিয়েছে বিএনপি নেতা !
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর ২৩ শতাংশ জমি থেকে প্রায় ৪ লাখ টাকার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (১৫ মার্চ) দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ব্যবসায়ী আবু তালেবের দাবি, গিয়াস উদ্দিন তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা না দেওয়ায় রাতের অন্ধকারে ভেক্যু দিয়ে তার জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী আবু তালেব সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত গিয়াস উদ্দিন একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও হোসেনপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে আবু তালেব বলেন, প্রায় চার বছর আগে তিনি গিয়াস উদ্দিনের বাড়ির পাশের ২৩ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে বাড়ি নির্মাণের পরিকল্পনা করছিলেন। এ সময় গিয়াস উদ্দিন তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ঈদের পর ৫০ হাজার টাকা দেওয়ার কথা বললেও তা মেনে নেননি গিয়াস।
তার অভিযোগ, এরপর রাতের অন্ধকারে ভেক্যু দিয়ে তার জমিতে প্রায় চার ফুট গভীর গর্ত করে মাটি কেটে নিয়ে যাওয়া হয়। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানিয়েছেন। কিন্তু তাদের দাবি, গিয়াস উদ্দিন কারও কথা শোনেন না। তাই তিনি মাটি ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তার সহধর্মিণী পরিচয়ে এক নারী ফোন ধরেন। তিনি জানান, গিয়াস বাসায় নেই। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, বিষয়টি তার জানা নেই এবং কেউ তাকে এ বিষয়ে কিছু জানায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন