এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে আজ ঈদ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামে প্রায় দেড় শতাব্দী ধরে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এবারও এক দিন আগেই ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে সুরেশ্বর দরবার শরিফ কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ মার্চ) সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের গদিনসীন পীর সৈয়দ বেলাল নূরী এ তথ্য নিশ্চিত করেছেন।
দরবার শরিফ সূত্রে জানা গেছে, সুফি সাধক শাহ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরিফের দেশজুড়ে কয়েক লাখ ভক্ত ও অনুসারী রয়েছে। ১৯২৮ সাল থেকে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুরসহ প্রায় ৩০টি গ্রামের প্রায় ২০ হাজার মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করবেন।
প্রতি বছরের মতো এবারও দরবার শরিফ প্রাঙ্গণে পৃথক মাঠে একই সময়ে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় প্রথম জামাতে ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।
দরবার শরিফের ভক্ত মো. বিল্লাল হোসেন বলেন, “আমার পরিবার বহু প্রজন্ম ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। আমরাও সেই ধারাই অনুসরণ করছি।”
গদিনসীন পীর সৈয়দ বেলাল নূরী বলেন, “চাঁদ একটাই। পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই হিসাবেই তারাবি, রোজা ও ঈদ পালন করি।” তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের মুসল্লিরা আজ ঈদ উদযাপন করবেন এবং সবার জন্য ঈদের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন