এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:০৫ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিনিধি : গত কয়েকদিন ধরে নীলফামারী জেলার অধিকাংশ পাম্পে তেল সরবরাহ না থাকায় যানবাহন চালক ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও সেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে ১০০ বা ২০০ টাকার বেশি তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
সরজমিনে দেখা গেছে, নীলফামারী শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহনের ভিড় লেগে আছে। জ্বালানি তেলের দাবিতে লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেকেই হতাশা ব্যক্ত করছেন।
মোটরসাইকেল চালক রাজু আহমেদ বলেন, “সকাল থেকে তিনটি পাম্প ঘুরে কোথাও তেল পাই নি। এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, শুনেছি ১০০ টাকার তেল দিবে। এতে কি চলবে!”
ইজিবাইক চালক রফিক মিয়া বলেন, “গত দুই দিন ধরে ইজিবাইক নিয়ে ঘুরছি কিন্তু কোথাও তেল পাচ্ছি না। আজ এখানে এসেছি শুনলাম ১০০ টাকার তেল পাওয়া যাবে। তবুও আশায় দাঁড়িয়ে আছি।”
ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
জ্বালানি তেল সংকট নিয়ে ডিলারদের সাথে কথা বলতে চাইলে কেউ মন্তব্য করতে রাজি হন নি। তবে একটি পাম্পের ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের এখানে ডিজেল সরবরাহ কিছুটা থাকলেও পেট্রোল সরবরাহ একেবারেই বন্ধ। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা আমরা জানি না।”
জ্বালানি তেলের এই তীব্র সংকটে বিপাকে পড়েছে কৃষি কাজও। সেচের জন্য পানির পাম্পগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না বলে কৃষকরা জানান। এতে ফসলের ক্ষতি আশঙ্কা করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জ্বালানি তেলের সংকট সম্পর্কে আমরা অবগত। ডিপোর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন