এ সম্পর্কিত আরও খবর
নিদিষ্ট কোন দেশ নয়, বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে পটুয়াখালীর ২৫ স্থানে ঈদ উদযাপন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:১৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালী প্রতিনিধি : বৈশ্বিকভাবে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের আরবি তারিখের সঙ্গে মিল রেখে অন্তত ২৫টি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ বিভিন্ন এলাকায় সকালেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও পায়েস বিতরণ করা হয়।
বদরপুর দাওয়াতুল ইসলাম কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের কিছু গ্রামবাসী পৃথিবীর যেকোন স্থানে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তাদের বিশ্বাস, সমগ্র মুসলিম উম্মাহ এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী রোজা, ঈদ ও কোরবানিসহ সব ধর্মীয় কার্যক্রম পালন করা উচিত।
এ বছর পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী, ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া ও রাঙ্গাবালী কাটাখালীসহ বিভিন্ন এলাকার মানুষ এ ঈদ উদযাপনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন