এ সম্পর্কিত আরও খবর
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে
কটিয়াদীতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধে খুচরা ব্যবসায়ী, ফিলিং স্টেশন এবং পাইকারি বিক্রেতাদের সতর্ক করা হয় এবং জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এক খুচরা ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে তেল বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল মজুদ রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি না করার জন্য ফিলিং স্টেশন মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী তেলের মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে এবং সরবরাহ ব্যাহত করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পাশাপাশি, কৃত্রিম মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন