এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, সহায়তা নিয়ে পাশে প্রশাসন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হলেও সময়ের সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। গভীর রাতে ঝড় ভয়াবহ রূপ নিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চাকাতি বালা নিজ ঘরে একাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরটি ভেঙে পড়ে এবং তিনি গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে হরেণ চন্দ্র বলেন, ঝড়ের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে কেউ বের হতে পারেননি। ঝড় থামার পর তাঁরা গিয়ে চাকাতি বালাকে গাছের নিচে চাপা অবস্থায় দেখতে পান।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইমরান জানান, ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছচাপায় একজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনা খাবার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা আব্দুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাকাতি বালার স্বামী নখিয়া চন্দ্র আগে মারা গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন